Tuesday, February 9, 2016

হিউয়েন সাঙ্

অফিসের প্রয়োজনে আমাকে মাঝে মাঝে হিউয়েন সাঙ্ হতে হয় । মানে কখনও মহারাষ্ট্র কখনও মণিপুর, কখনও কোচিন তো কখনও কুমায়ুন । যেখানেই যায় না কেন, অফিসের কাজের পরে আমার নিজের দু'টো কাজ থাকে , লোকাল দ্রষ্টব্য চোখে দেখা আর লোকাল রেসিপি চেখে দেখা। সেবারে কাজ পড়েছিল আসামের নুমালিগড় বলে একটা জায়গায় । আমার আসামি সহকর্মী বন্ধু রাজ জানাল ৩০০ কি.মি রাস্তা যাওয়ার পথে কাজিরাঙা ফরেস্ট পেরিয়ে যেতে হবে।

আজ রাতটা গৌহাটিতেই থাকব । রাতের বেলা কিছু নতুন খাওয়া যাক্ ! আমার বান্ধবী জানিয়েছিল পিটিকা অথবা টেঙ্গা ফিশ খেয়ে দেখতে পারো, রুম সার্ভিস এ ফোন করে বললাম দাও দেখি এক প্লেট পিটিকা, উল্টো দিক থেকে জানতে চাইল সাথে ? সাথে আলু পরোটা আর মশালা Cold drink, উল্টো দিক থেকে কিছু একটা বলতে যাচ্ছিল আমি ফোন টা রেখে দিয়ে কাজে মন দিলাম। রাতের বেলা সাজিয়ে গুছিয়ে খাওয়ার এল, এক থালা আলু সেদ্ধ মাখা আর আলু পরোটা! এটা কি? উত্তর এল পিটিকা । মনে মনে বললাম এবার খা' পিটিকা !

খুব ভোরে রাজ আমার হোটেলে পৌঁছে গেছে । উত্তর পূর্ব ভারতে সূর্য তাড়াতাড়ি ওঠে আর এখানকার লোকেরাও । আমাদের ওখানে সূর্য দেরীতে আর আমিও ।

ঘন্টা চারেকের মধ্যে নুমালিগড় পৌঁছে গেছি, আসার পথে দুটো গন্ডার সেল্ফি মোডে পোস্ দিচ্ছিল । গন্ডা দশেক ফোটো তুললাম । নুমালিগড় থেকে বার্মা খুব কাছে, রাজ বলল যাবে নাকি? মোরেহ্ বর্ডারের রাস্তায় টেঙ্গা ফিস্ খেলাম । ইরাবতীর মাছ আর ঔটেঙ্গা ফল দিয়ে তৈরি অপূর্ব পদ ।

ফেরার সময় কার্বি আলং পেরিযে আসতে হবে, ভয়ানক জাযগা । গাড়ীতে বসে কার্বি জনজাতি আর ঔটেঙ্গার গল্প শুনতে শুনতে আসছিলাম । অসমিয়া দের খুবই প্রিয় ফল এই ঔটেঙ্গা । হঠাৎ জোরে ব্রেক কষে দাড়ালো গাড়িটা । রাজ ইশারা করল ঐ দ্যাখ। একটু ভয় চোখে তাকিয়ে দেখলাম একটা সবুজ ফল নিয়ে বসে আছে একটা লোক, ঔটেঙ্গা ফল ! ৩ কেজি ঔটেঙ্গা কিনে গৌহাটি ফিরে এলাম । লাগেজ বেশি হয়ে যাওয়ায় এয়ারপোর্টে কিছু গচ্ছা দিয়ে ঔটেঙ্গা গুলো আনতে হল ।

বাড়ি ফিরে মা কে ফল গুলো দেখিয়ে বললাম এটা দিয়ে একটা রান্না করে খাওয়াব । মা জিজ্ঞেস করল কি এটা? ঔটেঙ্গা, দারুণ খেতে, অনেক কষ্ট করে নিয়ে এসেছি । এরপর যেটা উত্তর এল " ধুৎ! এটা তো চালতা, বাজারেই পাওয়া যায়.... " খানিকক্ষণ ফ্যালফ্যাল করে আধ ডজন চালতা গুলোর দিকে তাকিয়ে মনে পড়ল কোথাও একটা পড়েছিলাম "চালতা একটি অপ্রকৃত ফল " । মনে মনে বললাম আর আমি একটি প্রকৃত Fool.......

— অভিষেক বোস

1 comment: