সাদা কালো যুগের বিয়েতে বেশি মজা ছিল, হ্যাঁ বুফে কাউন্টার ছিল না, ডান্স ফ্লোর ছিল না এমনকি চাই, থাই, মঙ্গোলিয়ান নুডল কাউন্টার ছিল না কিন্তু মজা ছিল । এক কথায় এখন পাহাড়, জঙ্গল, সমুদ্র ঘুরতে যাওয়ার কথা শুনলে যেমন অনুভূতি হয়, একই রকম অনুভূতি ছোটবেলায় বিয়ে বাড়ির নাম শুনলে হত। এরকমই একটা বিয়ের ঘটনা, সময় টা ৯০ এর মাঝামাঝি যখন লোকে মন দিয়ে Philips Top Ten দেখত আর অপেক্ষা করত কোন গান টা এক নম্বরে জানার জন্য (আর তিন মাস ধরে ইয়ে কালি কালি আঁখে এক নম্বরে থাকত), আর জায়গাটা মালদার শেষ প্রান্তে একটা বড় গ্রাম.... বিয়ে বাড়ির সবথেকে বড় আকর্ষণ খাওয়া দাওয়া, আর সবথেকে বড় কর্তব্য গিফ্ট দেওয়া । এই বিয়ে বাড়িতেও ভোজন পর্ব শুরু হতেই দলে দলে যোগ দিন করে মানুষের ঢল নেমেছে... ক্লাব এর উঠতি ছেলেরা পরিবেশনের দায়িত্বে, প্যান্টের উপর নতুন টাওয়েল পড়ে কাগজের রোল বিছোনোর পরেই শালপাতার থালা দেওয়া হবে.... নিমন্ত্রিতদের আর ধৈর্য্য ধরে না, ইতিমধ্যেই কাগজ ছেড়াছিড়ি, বেঞ্চ উলটে দেখুন পাল্টে গেছি গোছের আন্দোলন চলছে । বাড়িতে হাত না ধুলেও, বিয়ে বাড়িতে কিন্তু হাত ধোয়ার বিশেষ নিয়ম, পাতার উপর হাত ধুয়ে, পাতার জলটাকে মাটিতে ফেলা... এরপর বেগুনি, মুগডাল, খাসীর মাংস, এই অবধি সব ঠিক ছিল (কিছু বিক্ষিপ্ত ঠেলাঠেলি ছাড়া ) , ছন্দ কাটল উপহার পর্বে এসে, বিয়ে বাড়ির অলিখিত নিয়ম ভেঙে উপহার দেওয়া হচ্ছে খাওয়ার পরে, আর বেশিরভাগ নিমন্ত্রিতদের উপহার নগদ টাকা । ২০, ২৫, ৫০ এমনকি ১০, ৫... আর বরকর্তা দাতার নাম আর নগদের পরিমাণ লিখে নিচ্ছে.... এরকম না লিখলে নাকি নিমন্ত্রিতদের অপমান করা হয়, এটাই রেওয়াজ । লাইনে দাঁড়িয়ে থাকা নিমন্ত্রিতরা দাঁত খুচোতে খুচোতে আসছে আর নাম লিখিয়ে বাড়ি ফিরছে । স্বপন ঘোষ ৩০ টাকা, রতন পাল ২৫, সীমা বিশ্বাস ১০...... কেউ কেউ আবার খুচরো করিয়ে নিচ্ছে “আমার ১৫ টাকা কেটে ৫ ফেরৎ..... " অনেকটা বাঙালি হোটেলের মত... ৭ নম্বরে ৩৪ টাকা , ১৩ নম্বর টেবিলে ৪৫, ৫ এ একটা এক্সট্রা ভাত, পাঁপড়... এক ভদ্রলোক দিলেন একটা চিঠি আর বরকর্তা সেটা সটান ঢুকিয়ে দিলেন পকেটে, এক অত্যুত্সাহী শহুরে আত্মীয় সেই চিঠি টা কেড়ে নিয়ে চিঠির যে বয়ান টা পেয়েছিলেন তা খানিকটা এইরকম
“মাননীয়.....
আপনার ছেলের বিয়েতে সপরিবারে খেলাম, আয়োজন খুব ভালো লাগলো, পোস্ট অফিস বন্ধ থাকায় টাকা তুলতে পারিনি, আগামী মাসের ২ তারিখের মধ্যে ২৫ টাকার প্রতিশ্রুতি দিলাম ।
ইতি
........ "
Credit note আর কি !
পুনশ্চ : সত্য ঘটনা অবলম্বনে।
- অভিষেক বোস
No comments:
Post a Comment