Saturday, May 28, 2016

ভুতের গল্প

ভুতের গল্প !?  রাতের বেলা?

- বল না

ভয় পাবি না তো?

- ধুৎ বল তো

আচ্ছা শোন্ তবে আমরা যখন ছোট ছিলাম,  সেইসময়....

- থাক্ আর গল্প বলতে হবে না । বুঝেছি তোমার গল্পের দৌড় । আচ্ছা ছাড়াে,  ঐ গল্পটা আর একবার বল,  সেই যে তুমি গরম কালে চোরের পেছনে তাড়া করতে গিয়ে ছাদে গেলে,  আর নেমে এলে না...

হুমম চোর বেচারা ভয়ে ধাক্কা দিয়ে দিয়েছিল,  বুঝতে পারেনি যে ছাদ থেকে পড়ে....... 
ঐসব ছাড়,  সত্যি করে বলতো সেদিন কি চুরি করতে এসেছিলি?

- এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, কতবার বলেছি লোডশেডিং হওয়ার পর পাড়ার মধ্যে লুকোচুরি খেলছিলাম,  তোমাদের ছাদের সিডি় টা ফাঁকা দেখে ছাদে এসে লুকিয়ে ছিলাম । তা তুমি এমন তাড়া করলে আমি ভাবলাম বুঝি কেউ আমাকে ছাদে খুজে পেয়ে গেছে । আমি ধাপ্পা দিতে গেলাম আর তুমি পা হড়কে সোজা নিচে ।

তাই তো!  তুই বলেছিলি বটে!

- সে তো তোমার বাড়ির লোককেও কতবার বলার চেষ্টা করলাম,  বুঝলে তো!  এমন মারতে শুরু করল,  বাড়ি ফিরে তিনদিন বিছানা ছেড়ে উঠতে পারিনি,  চারদিনের দিন ভোরবেলা......

আবার মন খারাপ,  চল এবার তোর বাড়ির ছাদে গিয়ে বসি.. 

— অভিষেক বোস

Tuesday, May 10, 2016

বারান্দা

 

একদম পূবের দিকে বারান্দাটা যেখানে শেষ হয়েছে, যেখানে গরমকালে এসে দাঁড়ালে বকুল ফুলের গন্ধ নাকে আসে, সেখানেই রাখা থাকে মেহগনি কাঠের দুটো চেয়ার।  এই পৈতৃক বাড়িটা ছাড়া অনির্বাণ ঐ দুটো সম্পত্তির মালিকানা পেয়েছিল। চেয়ার দুটো অনির্বাণের খুব প্রিয়। অনেক মন খারাপ, ভালো লাগার সাক্ষী ঐ নিষ্প্রাণ প্রানী দুটো।  অফিস থেকে ফিরে রোজকার মতো দুটো চা বানিয়ে চেয়ারটার কাছে এসে দাঁড়াল অনির্বাণ, নীরা আর চা করে না।  নিজের চেয়ারে আয়েশ করে বসে চায়ের কাপটা মুখের কাছে এনে ঠোঁটে ছুঁইয়ে আবার নামিয়ে রাখল।  আওয়াজ করে চা খাওয়াটা নীরার ভীষণ না পসন্দ।  না পসন্দের লিস্টটা অবশ্য অনেক বড়। তবে অনির্বাণ নীরাকে ভীষণ ভালোবাসে তাই আজকাল আর কোনও নিয়ম ভাঙ্গে না।  

"নীরা আজ সকালে আমি সাতটার সময় ঘুম থেকে উঠে পড়েছি জানো?  তোমাকে দেখতে পেলাম না, তাই নিজেই ব্রেকফাস্ট বানিয়ে ফেললাম।  "

" আরে না না।  ফ্রিজের থেকে বাসি খাওয়ার বের করিনি।  ওমলেট আর ব্রেডটোস্ট বানালাম।  লবন টা মনে হয় বেশিই দিয়ে ফেলেছি, যাই হোক কাজ চালিয়ে নিয়েছি। "

উল্টো দিক থেকে কোনও উত্তর এল না। 

রাগটা মনে হয় এখনও আছে। 

" তুমি কি আমার সাথে কথা বলবে না বলে ঠিক করেছ? "

অনির্বাণ চায়ে পরপর চুমুক দিতে দিতে কথা বলে চলল, দ্বিতীয় কাপটা তখন ঠান্ডা হচ্ছে। 

অনেক্ষণ ফাঁকা চেয়ারটার দিকে তাকিয়ে মনটা কেমন করে উঠল।সন্ধ্যাটা জমাট হচ্ছিল, দূরে কোথাও একটা পিউ কহাঁ ডেকে উঠল। সুরটা বড় বিষাদের।  

আট বছর আগে নীরা এসেছিল এই বাড়িতে, এসে ঐ চেয়ারেই বসেছিল, চায়ের কাপ হাতে।  
সেই প্রথম, সেই শেষ।  নীরাকে আর কোনোদিন দেখেনি অনির্বাণ।  এই বারান্দাতেই প্রেমটা ভেঙে গেছিল।  কারনটা অবশ্য আর মনে পড়ে না।  এখনও ভালো লাগা গুলো বারান্দার ঐ কোনাটাতে লেগে রয়েছে।  চায়ের কাপ দুটো রোজ কানা ভর্তি হয়ে আসে, আর থাকে মেহগনি কাঠের দুটো চেয়ার।  

— অভিষেক বোস