প্রদীপ সামন্ত ভুলো মানুষ, আকছার প্রয়োজনীয় কথা ভুলে যান । সেদিন অফিস থেকে বেরোতে দেরী হয়ে গেছে, এদিকে বাড়িতে কি একটা জরুরী কাজ ছিল কিছুতেই মনে পড়ছে না । কপালে বড় বড় ভাঁজ ফেলেও মনে আসছে না । বাজার নিয়ে ঢোকার কথা ছিল! নাকি বাড়িতে কেউ আসার কথা! নাকি একসাথে কোথাও যাওয়ার কথা! মনে না করে বাড়ি ফিরলে গিন্নী ছেড়ে কথা বলবে না, কপাল দিয়ে দরদর করে ঘাম ঝরছে । তাহলে কি রুপু কেই একটা ফোন করে জিজ্ঞেস করবে । রুপু প্রদীপ বাবুর বড় ছেলে, প্রদীপ বাবুর খুব ন্যাওটা ।অফিস থেকে ফিরেই বাপ ছেলে একসাথে ঘন্টা খানেক গল্প না করলে চলে না । ফোনটা বেজেই চলেছে, সুমির গলা।
সুমি দ্যাখ তো অফিস থেকে বেরিয়েছি এদিকে কিছুতেই মনে পড়ছে না, তোর মা কি কাজ দিয়েছিল, তুই চট করে একটু দাদা কে বল দেখি কায়দা করে মা'র কাছ থেকে জেনে নিতে ।
সুমি দ্যাখ তো অফিস থেকে বেরিয়েছি এদিকে কিছুতেই মনে পড়ছে না, তোর মা কি কাজ দিয়েছিল, তুই চট করে একটু দাদা কে বল দেখি কায়দা করে মা'র কাছ থেকে জেনে নিতে ।
ওপার থেকে সুমির গলাটা ভারী হয়ে এল । "বাবা, দাদা দশ বছর আগে বাড়ি ছেড়ে চলে গেছে । আর 'মা' তিন মাস হল আমার কাছে আমার শ্বশুর বাড়িতে আছে । তুমিই বলেছিলে মা'কে কিছুদিন আমার কাছে রাখতে ।"
হুম্ তাই তো! তাই তো । আসলে অফিস থেকে বেরিয়ে মাথাটা কাজ করছিল না । একটু সলজ্জ ভাবেই কথাটা বললেন ।
বাবা....
-হ্যাঁ বল
সাত বছর আগে তুমি রিটায়ার্ড করেছ, তুমি আবার একা একা বাড়ির বাইরে বেরিয়ে এসেছ? তুমি ঘরে যাও আমি সামনের সোমবার মা'কে নিয়ে আসব ।
-না না, থাক থাক । আসলে অনেক দিন তোদের সাথে কথা হয়নি তো!
তুমি এবার ঘরে ঢুকো ।
ফোনটা কেটে দিয়ে উল্টো দিকে বাড়ির দিকে পা বাড়াতেই সুবোধ মল্লিক হাঁক দিলেন, কি হে প্রদীপ বাবু একা একা কোথায়?
-এই তো একটু ইয়ে মানে! বলছিলাম যে আসবেন নাকি একটু বাড়িতে? একটু আড্ডা দিতাম ।
হা হা হা, চলুন চলুন । সদর দরজাটা খোলা রাখুন । আর এক বুড়ো আসছে পেছনে সিঙ্গারা নিয়ে । আপনি সিঙ্গারা খান তো? চলুন আজ একটু গুছিয়ে আড্ডা হোক ।
দুই বুড়ো ফাঁকা বাড়ির ভেতর পা বাড়ালেন ।
-অভিষেক বোস

😢
ReplyDelete