'একদম মিলে যাচ্ছে । যেমনটা ভেবেছিল তার থেকেও রোমাঞ্চকর । শরীরটা কেমন হালকা হয়ে গেছে । ঠিক যেন ভেসে বেড়াচ্ছে । সৌমিক ভাবতেও পারছে না শেষ পর্যন্ত এখানে পৌছে গেছে । তাও এত তাড়াতাড়ি ! যাই হোক গেস্ট হাউস টা খুঁজে বার করতে হবে । রাস্তাগুলো খুব একটা ভালো নয়, এবরো খেবরো আর খানাখন্দে ভরা ।তবে ঠিক টুরিস্ট স্পট তো নয়, বেশিরভাগ লোক কাজেই আসে, আর খাওয়াদাওয়ার খুব অসুবিধে, পাক্কা ২৬ ঘন্টার রাস্তা, ঠিক ব়াস্তাও নয় । যখন তখন রাস্তা বদলাতে হয় । এখানে ধুলোবালি নেই, তবে আলোর অসুবিধে নেই, আশপাশে কোনও বাড়িঘর না থাকায় অনেক দূর অব্দি নজর যায়, এখন এই রাতের বেলাতেও সব পরিষ্কার । সৌমিকের বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, পাহাড়ি জায়গা তবে দিনের বেলায় নাকি বেশ গরম । তাড়াতাড়ি বাড়িটা খুঁজে বের করতে হবে, নীলু দা বলে দিয়েছিল বৃদ্ধা ভদ্রমহিলা খুব অসুস্থ । শেষে এই চত্বরে ঠাই না হলে ঠান্ডায় খোলা আকাশের নীচে রাত কাটাতে হবে । একটু অন্যমনস্ক হয়ে পড়ল সৌমিক, ছোটবেলা থেকেই ওর খুব ইচ্ছে এখানে ঘুরতে আসবে, দূর থেকে দেখে এত সুন্দর লাগতো ! কত গান, কবিতা, সিনেমা দেখেছে, তবে ঘুরতো আসার মজা আলাদা, মহিলার বাড়ি নাকি রূপকথার মতো সুন্দর, একসময় ডাকসাইটে সুন্দরী ছিলেন । তবে একা একা থাকতে থাকতে যা হয় । নাতি নাতনি আত্মীয় পরিজন সবাই অনেক দূরে । উনি নাকি তাই মাসের অর্ধেক দিন রাতের বেলাটা ছাদেই কাটিয়ে দেন । এই বয়সে আর দিনের বেলায় বাইরে বেরোতে পারেন না, তাই রোজ অপেক্ষা করে থাকেন কখন সন্ধ্যা নামবে । কাছাকাছি চলে এসেছে মনে হয়, দূরে আকাশে নীল তারা দেখা যাচ্ছে, তারা টার দিকে তাকিয়ে মন টা কেমন করে উঠল, আচ্ছা ভদ্রমহিলা কে কি বলে ডাকবে সেটাই তো জানা হয়নি? চাঁদের বুড়ি বলে ডাকাটা কি ঠিক হবে?'
---- অভিষেক বোস

Totally unexpected 👍🏼
ReplyDelete