Tuesday, December 3, 2019

❤️'মাফিন' ❤️


নভেম্বরের ২০ তারিখের দিকে 'মাফিন' এর আসার কথা, কিন্তু মাফিন আমার মতোই অধৈর্য। অত রয়ে সয়ে কাজ করার সময় ওর নেই। অক্টোবরের শেষদিকে হঠাৎ জানিয়ে দিল নভেম্বরের প্রথম দিকে ঐ ৭ তারিখ নাগাদ ও আসবে। এদিকে আমার তো অফিসে ছুটি আগে থেকেই প্ল্যান করে রেখেছি, এখন মাফিন এর আসার দিনটা এগিয়ে এসে সব প্ল্যান এর দফারফা। প্রিয়াঙ্কার তো চিন্তার শেষ নেই, কোথায় থাকতে দিবে, কোন ঘরে ঘুমোবে, কতবার খেতে দিতে হবে। মোদ্দা কথা মাফিন এর মেজাজ মর্জি কিছুই আমাদের জানা নেই! ঐ তিন চারটে প্রায় অস্পষ্ট সাদা কালো ছবিতে যতটুকু দেখেছি, এবারে প্রথম সামনে থেকে দেখব।

নভেম্বরের ৬ তারিখে সবাই মিলে মাফিন কে আনতে গেলাম, সবাই মানে মোটামোটি সব্বাই, আমি- প্রিয়াঙ্কা, আমার আর প্রিয়াঙ্কার মা বাবা, আমার পিসতুতো মাসতুতো ভাই দাদা বোন সব্বাই।

একেবারে ভিতরের গেট অব্দি শুধু প্রিয়াঙ্কাকেই যেতে দিল, আর আমাকে লবি অব্দি। প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট কেটে গেছে, এদিকে না প্রিয়াঙ্কা বেরিয়ে আসছে, না মাফিন।  আরো কিছুটা সময় কেটে যাওয়ার পর আমার সত্যিই প্রিয়াঙ্কা আর মাফিন এর জন্য চিন্তা শুরু হয়ে গেছিল, এক একটা সেকেন্ড এমন ভাবে কাটছিল যেন চোখ বন্ধ করে কপালের উপর একফোটা একফোটা করে জল। এদিকে কতজনের পরিচিতরা দরজা ঠেলে বেরিয়ে আসছে আর তাদের দেখে বাইরের মানুষগুলোর আনন্দ একটা দেখার মত দৃশ্য। শেষমেষ আমার সব দুশ্চিন্তা  কাটিয়ে একজন পরিচিত মুখ এসে জানালো মাফিন চলে এসেছে, জিজ্ঞেস করলাম প্রিয়াঙ্কা!?  বলল প্রিয়াঙ্কাও আসছে, দুজনের দেখা হয়েছে একটু পরেই বেরিয়ে আসবে।

ফুটবল খেলতে ভালোবাসতাম, এতটাই ভালোবাসতাম যে মাধ্যমিক পরীক্ষা না দিয়ে S.A.I এর টুর্নামেন্ট খেলতে যাবো ঠিক করেছিলাম, সিলেকশনের হওয়ার মূহুর্তেও এতটা আনন্দ হয়নি, সত্যি কথা বলতে পৃথিবীতে আর যা কিছু, প্রথমবার ভোরবেলা কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যের প্রথম ছটা, প্রথমবার তাজমহল চোখের সামনে দেখা,  কোনো বুনো ঝর্ণার নীচে কোনকিছু না ভেবে নেমে যাওয়া, প্রথমবার কোনো পাহাড়ি নদীতে সাঁতার কাটা আরো অনেক কিছুর চেয়েও অনেক অনেক বেশি আনন্দ। ছোটবেলা থেকে আজ অব্দি অনেকগুলো টুকরো টুকরো ঘটনা বায়োস্কোপের ছবির মতো চোখের সামনে ভেসে উঠছিল, মাঝখানে আরো দশ বারো মিনিট কেটে গেছে, তারপর ঠিক পূজার ভোরের শিশির ভেজা শিউলির মতো 'মাফিন' প্রিয়াঙ্কার সাথে আমার সামনে এলো। আমাদের ফুটফুটে মেয়ে 'মাফিন', আমাদের খুশির ক্যালেইডোস্কোপ আমার চোখের সামনে!! নরম তুলতুলে ছানাটাকে তখনই বুকে তুলে নিতে ইচ্ছে করছিল। ৬ই নভেম্বর জগদ্ধাত্রী পূজার দিন, নীচে আমাদের মা বাবা, গোটা পরিবার অপেক্ষা করছে  কতক্ষণে মাফিন কে দেখবে! প্রিয়াঙ্কার তখনও চোখগুলো বুজে আসছে,  তাও ঠোঁটের কোণে হাসি...

No comments:

Post a Comment