অ্যাপার বাংলায় একটা ছোট্টো শহরের তস্য ছোট্ট গলির ভিতর, একেবারে শেষ মাথায় যে বাড়ি সেখানে সামনের মাসে বিয়ের অনুষ্ঠান। প্রস্তুতির চূড়ান্ত পর্ব, হৈ চৈ ব্যাপার। ক্যাটারিং এর বিশু ঘোষ হাটু নাচাতে নাচাতে বলল "প্রবীর দা একবার চেক করে নিয়েই ফাইনাল হিসেব টা বলুন, ২৫-৫০ কম-বেশি বিশু ঘোষ যখন তখন ম্যানেজ করে দিবে কিন্তু এর বেশি-কম হলে হেব্বি চাপ হয় দাদা"। প্রবীর বিশ্বাস বিশ্বস্ত মোবাইল টা বের করে UNESCO - র বিচারে সেরা অ্যাপ বাংলাদেশের bn.quizstar এ গিয়ে একটু আঙুল চালিয়ে দেখে নিল "আসুন দেখে নি আপনার মেয়ের বিয়েতে কতজন নিমন্ত্রিত আসবে?" ..... নিমেষে উত্তর এল ৫৬৮। ব্যাস আর কোনো চিন্তা নেই। প্রবীর বিশ্বাস একটা প্রসন্ন হাসি হেসে বলল " বিশু তুমি ঐ ৫৫০ মতো প্লেট কোরো।"
উপরে তখন প্রবীর দার মেয়ে বেবি তামাশা অ্যাপ এ চেক করে নিচ্ছে "আসুন দেখে নি বিয়ের দিন আপনাকে ঠিক কতটা ডানাকাটা দেখাবে.." উত্তর না-পসন্দ হওয়ায় তিনবার চেক করা হয়েছে, কিন্তু বাওয়া এ হল UNESCO র বিচারে সেরা অ্যাপ। ভুলের কোনো জায়গায় নেই।
অ্যাপার বাংলার অন্য শহর গুলোতেও ছবিটা একই রকম। অ্যাপ এই দেখে নেওয়া যাচ্ছে সপ্তাহে কোনদিন চুল কাটলে আপনাকে হেব্বি শেয়ানা লাগবে? আপনার ব্যক্তিত্বের সাথে মিলিয়ে কোন বাংলা সিরিয়াল দেখা উচিৎ আমলকী না হরিতকী? এই মার্চ মাসে ঠিক কোন শব্দ গুলো আপনার মুখশ্রীর বর্ননা দিবে? অফিসে আপনার ঠিক কোন পশুর মতো অবস্থা ? এইসব নিত্যপ্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সব প্রশ্নের ফটাফট রেজাল্ট এখন bn.quizstar থেকে শুধু এক ক্লিক দূরে।
এইসব তো ছোটখাটো ব্যাপার। Pro Version এ 'জেনে নিন আপনার খিদে পেয়েছে কি না?' থেকে শুরু করে 'আপনি স্বামী ঠিক কতটা হারামির হাতবাক্সো' এইসব অপশন এখন জলভাত। আগামী মাসে শনির বলয়ে যে কৃত্রিম উপগ্রহ পাঠানো হচ্ছে, বিজ্ঞান উপদেষ্টা মন্ত্রক থেকে অ্যাপ দেখে নিয়েই পাঠানো হচ্ছে যে ঠিক কোন তিথিতে ছাড়লে সাফল্য নিশ্চিত।
আজ থেকে দুবছর আগেও Beta Version এ শুধু দেখে নেওয়া যেত "দেখুন পরিবারে কে আপনাকে ভালোবাসে, অথবা 'আপনি ঠিক কতটা স্মার্ট' এইসব টুকিটাকি জিনিস। কিন্তু এই দু’বছরে বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ প্রভূত উন্নতি করেছে। ডেটলের মতো ৯৯.৯৯% নির্ভুল bn.quizstar অ্যাপ এখন Regular পতি থেকে Irregular পটি সব প্রশ্নের জবাব।
তবে অ্যাপার বাংলাও খুব পিছিয়ে নেই। সনাতন সাহা থেকে হরিপদ রাহা যে কোনো কারো পোস্টে BFF লিখেই ঝালিয়ে নিচ্ছে Facebook এর safety parameter । Run লিখে দেখে নিচ্ছে কি করে Still Photo র ট্রেনটা চলতে শুরু করল।এছাড়া মা কে ভালোবাসলে পোস্ট টি শেয়ার করুন জাতীয় প্রতিযোগিতায় অ্যাপার বাংলার নাম সবার উপরে। আচ্ছা এতক্ষণ ধরে যারা ভাবছেন আমি এপার বাংলার বানান ভুলে মেরেছি তাদের কে জাস্ট জানিয়ে রাখি অ্যাপ এর প্রতি এই আসক্তির জন্য যিনি সবকিছুর নামকরণ করেন উনি নাম রেখেছেন "অ্যাপার বাংলা"।
(চলবে....)
- অভিষেক বোস
No comments:
Post a Comment