কে কবে ফেসবুকে আপডেট দেবে আর কোন চ্যানেলে গ্লিসারিন সাবানের বিজ্ঞাপন দিবে তা দেখে শীতের সূচনা শুধু বেরসিকরা করতে পারে । আমার খাওয়ারের মেনুতে যেদিন নতুন গোল আলুর দম পড়বে (ফুলকপির বড়া সহ) সেদিন আমার শীত শুরু হবে । আরো আগে যখন জোর করে গলা দিয়ে হাফ সোয়েটার গলিয়ে দেওয়া হত তখন মানতে হত শীত পড়েছে । সোয়েটারটা পড়ার সাথে সাথে মনে হত এখানে কুটকুট, ওখানে কুটকুট সুতরাং সঙ্গে সঙ্গে খুলে দেওয়ার জোরালো অ্যাপিল জানাতাম, অত্যন্ত নির্মম ভাবে অ্যাপিল নাকচ করা হত, তারপর যখন মা'র মনে হোত যে এবার খুলে ফেলা যেতে পারে তখন গৌরাঙ্গের মতো হাত তুলে দাঁড়াতে হত, মিনিট সাতেকের যুদ্ধ, চোখ মুখ লাল করে সোয়েটারটা বেরিয়ে আসত ।
পরদিন দুপুরে দেখতাম রঙ বেরঙের উলের গোলা আর উলকাঁটা নিয়ে মা বসে পড়েছে ।প্রতিদিন দেখতাম গোলাটা আস্তে আস্তে ছোট হচ্ছে আর সোয়েটারের হাত পা গজিয়ে উঠছে । মাঝে মাঝে উল্টো করে দাড় করিয়ে মাপ মিলিয়ে নেওয়া হত ।
স্নো ফলস আমি অনেক দেখেছি কিন্তু আমার এক বন্ধুর বাড়িতে যে পরিমাণে স্নো মাখা হত তার কাছে এসব কিছুই না । আড়াইশো গ্রাম করে মাখা সফেদ মুখ গুলো আলাদাই জেল্লা ছড়াতো । নামটা এখনও মনে আছে 'চার্মস' ।
যেকোনো রকম ঠোঁট ফাটার একমাত্র কারণ ছিল বোরোলিন না লাগানো এবং মুক্তির একমাত্র উপায় স্বয়ং বোরোলিন । জানিনা কেন, ভি বালসারার সুর বাদ দিয়ে বোরোলিনের সাথে কোনোদিনই কোনো আত্মীয়তা রাখতে পারলাম না । নাম বোরোলিন হলেও মোটেও লীন হত না । সাদা কাদার মতো লেপ্টে থাকত আর উগ্র গন্ধে দম বন্ধ হয়ে আসত ।
শীতকালের ছাদে মাদুর বিছিয়ে আলসে ভাবে রোদ পোহানোকে আজও আমি নবাবিয়ানার সেরা মনে করি । এই নবাবিয়ানার জন্য কুমীরদের আমার বাঙালি বাঙালি মনে হয় । 'ল্যাদ খেয়ে পড়ে আছি, হালকা ঝিমুনি আর মিঠে কড়া রোদ্দুর' এমন সুখটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি!
শীত আর বিয়ে বাড়ি হল রাজযোটক । একসাথে দল বেঁধে খেতে যেতাম আর ফেরার সময় হু হু করে কাঁপতে কাঁপতে শুধু একটাই কথা মনে হত, বাড়িতে পৌছলেই একটা নরম লেপ, একটা অন্ধকার ঘর আর সবুজ নাইট বাল্বের আলো । নিশির ডাকের থেকেও মায়াবী ।
আর ছিল পিকনিক । যেখানে শীতের জয় সেখানে পিকনিক হয় । বাঙালিরা পিকনিকও পঞ্জিকা দেখে করত । পৌষ পড়ার আগেও নয়, পৌষ শেষ হওয়ার পরেও নয় । বেলুন সজ্জিত আর চোঙ্ মাইক শোভিত গাড়ি দেখলেই পিকনিকের গাড়ি খেতাব জুটত ।
পিকনিকটা অবশ্য এখনও আছে, শুধু পৌষ নেই ।
— অভিষেক বোস
https://m.facebook.com/story.php?story_fbid=1006283959444601&id=900039906735674
No comments:
Post a Comment